প্রচ্ছদ > জাতীয় >

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ

article-img

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে জাইকার ৫ সদস্যের প্রতিনিধি দল এ সাক্ষাৎ করে। 

সাক্ষাতের শুরুতেই বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করার জন্য উপদেষ্টা প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান।

সরকারের ১৮০ দিনের পরিকল্পনার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, অতীতের মতো আগামী দিনগুলোতে জাপান বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকবে।

জাইকা প্রতিনিধি  দলের প্রধান তোমোহাইড ইচিগুচি বলেন, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান তৈরির লক্ষ্যে জাপান বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নেও কাজ করতে আগ্রহী। এ জন্য তিনি বাংলাদেশ সরকাররের সহযোগিতা কামনা করেন।

প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ক্যারিয়ার প্লানিং নিয়ে একটি প্রকল্প চলমান রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, কর্মকর্তাদের দেশে ও বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারলে তাদের কর্মদক্ষতা বহুগুণ বৃদ্ধি পাবে।

প্রতিনিধি দল উপদেষ্টাকে বাংলাদেশে চলমান জাইকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। 

জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উজ্জ্বল ভবিষৎ কামনা করে উপদেষ্টা বলেন,আমরা অর্থনৈতিকভাবে টেকসই দেশ হিসেবে প্রতিষ্ঠা হওয়ার সব যাত্রায় জাপান সহযোগিতা করবে।